আলহামদু লিল্লাহি রাব্বিল আলামীন ওয়াস্-সালাতু ওয়াস্-সালামু আলা রাসূলিহীল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাঈন।
প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এমনই এক সত্ত্বা, যাঁকে সর্বদা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামীন স্মরণ করে থাকেন। এমনকি তাঁর শুভ আবির্ভাবের অনেক পূর্ব থেকেই মহান স্রষ্টা বিভিন্ন নবীদের নিকট তাঁর গুণকীর্তন সম্বলিত সুসংবাদ দিয়েছেন। যাঁর নাম মোবারক আরশ আযীমে লিপিবদ্ধ রয়েছে। এবং যাঁর স্মরণ কিয়ামত অবধি বিরজমান থাকবে।
মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ধরাধমে আবির্ভাব দিবসে খুশি উদযাপন করা নতুন কোন বিষয় নয়; বরং ইসলামের প্রথমিক যুগ থেকে আকাবেরে ইসলামগণ এ মহতি দিবসটি অত্যন্ত ভাবগাম্ভির্যতার সাথে ও জাঁকজমকপূর্ণভাবে পালন করে আসছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়! সাম্প্রতিক সময়ে ইসলামে মিমাংসিত এ বিষয়টি নিয়ে একটি মহল অনাহুত বিতর্কের অবতারণা করে মুসলিম মিল্লাতের মধ্যে বিভ্রান্তির ধুম্রজাল ছড়াচ্ছে, যা জ্ঞানের দৈন্যতারই বহিঃপ্রকাশ বৈ আর কিছুই নয়। এই গ্রন্থের ৬ষ্ঠ অধ্যায়ে যুগশ্রেষ্ঠ ১১৬ মহামনীষীর ১২৫টি বইয়ের কথা উল্লেখ আছে, যেগুলোতে মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অকাট্য দলিলাদির ভিত্তিতে সবিস্তারে আলোচনা করা হয়েছে, যাতে এসব বিষয়ে সৃষ্ট যাবতীয় বিভ্রান্তির অবসান ঘটে। উপরন্তু ইসলামী শরীয়ায় মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে মাহফিল উদযাপনসহ ইসলামসম্মত বিভিন্ন উদ্যোগ-আয়োজন মকবুল ইবাদতসমূহের অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়।
বর্তমান জগতখ্যাত ইসলামিক স্কলার ড. মুহাম্মদ তাহেরুল কাদেরী রচিত 'মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' পুস্তকটি এক অনন্য প্রকাশনা, যাতে উক্ত বিষয়ে কুরআন, হাদিস, ইজমা ও কিয়াসের ভিত্তিতে চূড়ান্ত সমাধান নিহিত আছে।
বিশিষ্ট লেখক ও ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধেয় জনাব কাজী সাইফুদ্দীন হোসাইন-এর অক্লান্ত পরিশ্রম ও প্রানান্তকর প্রচেষ্টায় ড. মুহাম্মদ তাহেরুল কাদেরী'র এ 'মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'-এর ইংরেজি ভার্ষনের প্রায় অর্ধেক অনুবাদ করা হয়েছে। আমরা 'মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম'র উর্দু মূল গ্রন্থের সাথে সামঞ্জস্য রেখে এ অর্ধেকাংশ ১ম-খণ্ড হিসেবে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি।
'মিলাদুন্নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম' নামক গুরুত্বপূর্ণ এ পুস্তকটি প্রকাশের ক্ষেত্রে ভুল-ত্রুটি হওয়া অসম্ভব কিছু নয়; যদি এরূপ কিছু পরিলক্ষিত হয় তবে বিজ্ঞ পাঠক অবহিত করলে পরবর্তী সংস্করণে সংশোধনে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ।